খুঁজুন
, ,

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস, ‘নিখোঁজ’ স্বজনের অপেক্ষায় এখনো পরিবার 

ডেস্ক নিউজ
প্রকাশিত: Wednesday, 30 August, 2023, 4:41 am
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস, ‘নিখোঁজ’ স্বজনের অপেক্ষায় এখনো পরিবার 
গত কয়েক বছরে ৬ শতাধিক মানুষকে ‘গুম’ করা হয়েছে বলে অভিযোগ করে আসছে বিএনপি। দলীয় নেতাকর্মী ছাড়াও তাদের এ তালিকায় আছেন জনপ্রতিনিধি, তরুণ-যুবক, ছাত্র, সাংবাদিক ও অধিকার কর্মী।চট্টগ্রামের বোয়ালখালিতে নির্বাচিত চেয়ারম্যান বাচা,ইলিয়াস আলী, চৌধুরী আলম এখনো নিখোঁজ।
এর মধ্যে কাউকে কাউকে ‘নিখোঁজ’ হওয়ার অনেক পরে গ্রেপ্তার দেখিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দীর্ঘদিন পর ফেরত এসেছেন হাতে গোনা কয়েকজন ব্যক্তি। আর শতাধিক ব্যক্তির মরদেহ উদ্ধার হয়েছে বলে বিএনপির দাবি। বাকিদের এখনো কোনো খোঁজ মেলেনি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েই তাদের তুলে নেওয়া হয়েছে বলে ‘গুমের শিকার’ ব্যক্তিদের পরিবারের দাবি।

বিএনপির ‘নিখোঁজ’ কর্মী সাজেদুল ইসলাম সুমনের বোন আফরোজা ইসলাম আঁখি বলেন, ‘তার ভাইকে ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনের ঠিক এক মাস আগে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে র্যাবের লোকজন তুলে নিয়ে যায়। তারপর গত প্রায় নয় বছর ধরে কোনো খোঁজ নেই। তিনি বলেন, দীর্ঘ এই সময়ে পুলিশ, র্যাব, ডিজিএফআই, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সব জায়গায় গিয়ে লিখিতভাবে জানতে চেয়েছি—আমার ভাই কোথায়? কেন তাকে আটকে রাখা হয়েছে? কিন্তু কোনো সদুত্তর এখনো নেই। আমরা এখনো আশায় আছি, আমার ভাই পরিবারের কাছে ফিরে আসবে। হয়তো তাকে কোথাও আটকে রাখা হয়েছে।’

২০১১ সালের ৮ মে বিকেলে ঢাকার মিরপুর থেকে নিখোঁজ হন ছাত্রদল নেতা মনির হোসেন। তার গ্রামের বাড়ি পিরোজপুর। নিখোঁজের ৪ দিন পর মিরপুর থানায় সাধারণ ডায়েরি করা হয়। কিন্তু অদ্যাবধি ছেলের কোনো সন্ধ্যান পাননি হানিফ মিয়া। গতকাল তার সঙ্গে কথা বললে কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, বহু খোঁজাখুঁজি করেও ছেলের কোনো সন্ধান পাইনি। দুঃখের কথা কার কাছে বলব? কেউ শুনলে হয়তো সান্ত্বনা দেবে; কিন্তু ছেলেকে তো আর দিতে পারে না। তিনি বলেন, ছেলে নিখোঁজ হওয়ার পর হন্যে হয়ে খুঁজতে খুঁজতে তার মা স্ট্রোক করে অসুস্থ হয়ে পড়েছেন। এখন অসুস্থ (অবশ) হয়ে বাড়িতেই আছেন।

ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকারি বিভিন্ন সংস্থার দ্বারে দ্বারে ঘুরেও তারা কোনো ফল পাননি। স্বজন হারানোর বেদনা নিয়েই কাটছে তাদের সময়। ছেলে কিংবা স্বামীর প্রত্যাবর্তনের অপেক্ষায় থেকে পৃথিবী থেকে চিরবিদায় নিয়েছেন অনেকেই। বছরের পর বছর পেরোলেও সন্তানকে ফিরে পাওয়ার অপেক্ষা শেষ হচ্ছে না অনেকের। স্বজনের বুকে হাহাকার চলছে।

এই প্রেক্ষাপটে সারা বিশ্বের মতো আজ বাংলাদেশেও পালিত হচ্ছে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস। জাতিসংঘ ২০০২ থেকে কাজ শুরু করে ২০০৬ সালের মাঝামাঝি নাগাদ গুমবিরোধী আন্তর্জাতিক সনদ প্রণয়ন করে। ইংরেজিতে নাম ‘ইন্টারন্যাশনাল কনভেনশন ফর প্রটেকশন অব অল পারসন্স অ্যাগেইনস্ট এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স’। ২০১০ সালের ডিসেম্বরে এই আন্তর্জাতিক সনদ কার্যকর হয়। তাতে ৩০ আগস্টকে আন্তর্জাতিক গুম-প্রতিরোধ দিবস ঘোষণা করা হয়। এরপর ২০১১ সাল থেকে বিভিন্ন দেশে দিবসটি পালিত হয়ে আসছে।

দলের নেতাকর্মীদের গুমের অভিযোগ তুলে বিএনপি বেশ কয়েক বছর ধরেই দিবসটি পালন করে আসছে। পাশাপাশি রাজনৈতিকভাবে এই ইস্যুটিকে সামনে রাখতে তৎপর রয়েছে দলটি। বিশেষ করে সরকারকে চাপে রাখতে আন্তর্জাতিক পর্যায়ে গুমের ইস্যুটিকে গুরুত্বপূর্ণ করে তোলার চেষ্টা রয়েছে তাদের। এরই ধারাবাহিকতায় আজ সারা দেশে মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন করবে বিএনপি।

জানা গেছে, সারা দেশে গুম, খুন, অপহরণ ও গুরুতর জখমের শিকার নেতাকর্মীদের তালিকা তৈরি করছে বিএনপি। ২০১৫ সালের ৫ জানুয়ারি থেকে মহানগর, জেলা, উপজেলায় বিএনপি ও অঙ্গসংগঠনের কতজন নেতাকর্মী ও সমর্থক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ‘ক্রসফায়ারে’, নির্যাতনে বা অন্য কোনোভাবে নিহত বা গুরুতর আহত হয়েছেন; কতজন অপহরণ, ‘গুম’ হয়েছেন; সরকারি দলের হামলায় কতজন খুন-জখম হয়েছেন—তাদের দলীয় পরিচয়সহ নাম-ঠিকানা সংগ্রহ করেছে বিএনপির কেন্দ্রীয় দপ্তর।

জানা যায়, গুম-অপহরণের তথ্য সংগ্রহের পর সেগুলো সমন্বিতভাবে বাংলাদেশে নিযুক্ত বিদেশি কূটনীতিক এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার কাছে তুলে ধরবে বিএনপি। মানবাধিকার ইস্যু হিসেবে বহির্বিশ্বের কাছে গুমের বিষয়টিকে ফোকাসের চেষ্টা করছে দলটি।

এ বিষয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘গুমের মতো ঘটনা মানবতার শত্রুদের দ্বারাই সম্ভব। রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্যই ক্ষমতাসীনরা এদেশে গুমের সংস্কৃতি চালু করেছে। এক্ষেত্রে তারা আর কতদূর অগ্রসর হবেন সেটি নিয়ে গোটা জাতি শঙ্কিত।’

অবশ্য এসব বিষয়ে বিএনপির তৎপরতাকে আওয়ামী লীগ ‘বিদেশিদের কাছে নালিশ’ বলে আখ্যা দিয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এই ইস্যু সামনে এনে বিএনপি রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে চাইছে বলেও ক্ষমতাসীন দলের নেতাদের অভিযোগ।

অন্যদিকে ‘গুম’ বা ‘নিখোঁজ’ ইস্যুতে বিদেশিদেরও আগ্রহ রয়েছে। বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস গুমের শিকার ব্যক্তিদের বাসায় গিয়ে খোঁজ নিয়েছেন। ২০২২ সালের আগস্টে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাশেলেট বাংলাদেশ সফর করেন। সফরকালে তিনি স্বরাষ্ট্র, পররাষ্ট্র এবং আইনমন্ত্রীর সঙ্গে দেখা করে বাংলাদেশে গুম, খুন এবং ডিজিটাল নিরাপত্তা আইনের জেরে সাংবাদিক হয়রানি নিয়ে তার উদ্বেগের কথা তুলে ধরেছিলেন। এমনকি ফিরে যাওয়ার আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেও তিনি এসব বিষয়ে উদ্বেগের কথা বলেন।

সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা কয়েকটি দেশের কূটনীতিক ও মানবাধিকার সংস্থাগুলো বাংলাদেশের মানবাধিকার ইস্যুতে একাধিকবার বক্তব্য দিয়েছে। সরকারের মন্ত্রী, বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সংস্থার প্রধানের সঙ্গে দেখা করে উদ্বেগ জানানোর পাশাপাশি বিবৃতিও দিয়েছেন।

 

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল, কার্যকর সোমবার থেকে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Monday, 21 September, 2026, 12:15 pm
জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল, কার্যকর সোমবার থেকে

দেশে ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের খুচরা বিক্রয়মূল্য লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। নতুন নির্ধারিত মূল্য সোমবার (২১ সেপ্টেম্বর) থেকে কার্যকর হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

 

নতুন মূল্য অনুযায়ী, প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং অকটেন ১৬৫ টাকায় বিক্রি হচ্ছে। এর আগে এসব জ্বালানির দাম ছিল যথাক্রমে ১১৫, ১৩৫, ১৪০ ও ১৪৫ টাকা।

 

আন্তর্জাতিক বাজারের প্রভাবে মূল্য সমন্বয়

 

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে গত মার্চ থেকে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও পরিবহন ব্যয় বেড়েছে। আন্তর্জাতিক বাজারে মূল্য দ্বিগুণের বেশি বাড়লেও জনস্বার্থ বিবেচনায় দেশে একই হারে দাম সমন্বয় করা হয়নি বলে জানিয়েছে বিভাগটি।

 

প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, চলতি বছরের মার্চ থেকে আগস্ট পর্যন্ত বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ২২ হাজার ৮৭৫ কোটি ৬৬ লাখ টাকা। সে সময় আন্তর্জাতিক বাজারের দরে প্রতি লিটার ডিজেল বিক্রিতে বিপিসির লোকসান হচ্ছিল প্রায় ৮৯ টাকা। এতে দৈনিক লোকসান প্রায় ১০৯ কোটি টাকায় পৌঁছাতে পারে বলে উল্লেখ করা হয়েছে।

 

জ্বালানি বিভাগের হিসাব বলছে, নতুন মূল্য সমন্বয়ের ফলে বিপিসির বার্ষিক লোকসান প্রায় ১০ হাজার কোটি টাকা কমানো সম্ভব হতে পারে।

 

পরিবহন ও নিত্যপণ্যের বাজারে প্রভাবের শঙ্কা

 

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে পরিবহন, কৃষি, সেচ এবং পণ্য পরিবহনের ব্যয় বাড়ার আশঙ্কা রয়েছে। এর প্রভাব নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারেও পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

 

তবে নতুন দাম কার্যকরের পর পরিবহন ভাড়া কিংবা পণ্যমূল্য কতটা বাড়বে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

 

নতুন দাম একনজরে

 

– ডিজেল: ১৩৫ টাকা প্রতি লিটার

– কেরোসিন: ১৫৫ টাকা প্রতি লিটার

– পেট্রোল: ১৬০ টাকা প্রতি লিটার

– অকটেন: ১৬৫ টাকা প্রতি লিটার

ইতি।

অপ্রতীম হত্যা: আদালতে দায় স্বীকার তিন আসামির, কারাগারে পাঠানোর নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Monday, 21 September, 2026, 12:03 pm
অপ্রতীম হত্যা: আদালতে দায় স্বীকার তিন আসামির, কারাগারে পাঠানোর নির্দেশ

কুমিল্লায় ১৩ বছর বয়সী স্কুলশিক্ষার্থী ইশায়াত শাহরিয়ার অপ্রতীম হত্যা মামলায় গ্রেপ্তার চার আসামির মধ্যে তিনজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। রোববার (২০ সেপ্টেম্বর) রাতে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় তাঁদের জবানবন্দি রেকর্ড করা হয়।

 

আদালতসংশ্লিষ্ট সূত্র জানায়, জবানবন্দি দেওয়া তিন আসামি হলেন সাইফুল ইসলাম ওরফে তুহিন, মোজাম্মেল হোসেন ফাহাদ ও কামরুল হাসান। মামলার অপর আসামি মো. সিয়াম জবানবন্দি দেননি বলে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। জবানবন্দি গ্রহণের পর আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। তাঁদের মধ্যে অপ্রাপ্তবয়স্ক আসামিদের ক্ষেত্রে শিশু আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার বিষয়টিও রয়েছে।

 

আইফোন ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে হত্যার অভিযোগ

 

পুলিশের তদন্তে উঠে এসেছে, অপ্রতীমের মায়ের ব্যবহৃত আইফোন ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে তাকে লালমাই পাহাড়ের সানন্দা এলাকার নির্জন জঙ্গলে নিয়ে যাওয়া হয়। সেখানে ফোনটি নেওয়ার সময় বাধা দিলে তার মাথায় বাঁশের লাঠি দিয়ে আঘাত করা হয়। এতে তার মৃত্যু হয় বলে পুলিশের দাবি।

 

তদন্তসংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, নিখোঁজের পর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে সাইফুল ইসলাম ওরফে তুহিনকে শনাক্ত করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদে আরও দুজনের সম্পৃক্ততার তথ্য পাওয়া যায় বলে জানিয়েছে পুলিশ। তুহিনের দেওয়া তথ্যের ভিত্তিতে অপ্রতীমের ব্যবহৃত আইফোনটি তার বাসার খাটের তোশকের নিচ থেকে উদ্ধার করা হয়।

 

যেভাবে উদ্ধার হয় অপ্রতীমের মরদেহ

 

গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) কুমিল্লার কোটবাড়ি এলাকার গন্ধমতীতে ভাড়া বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় অপ্রতীম। পরদিন শনিবার দুপুরে সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নের সানন্দা গ্রামের লালমাই পাহাড়সংলগ্ন একটি নির্জন জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

 

অপ্রতীম কুমিল্লা বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। তার বাবা কে এম ফিরোজ শাহরিয়ার এ ঘটনায় সদর দক্ষিণ মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।

তদন্ত অব্যাহত

পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত এখনো চলমান। আদালতে দেওয়া জবানবন্দি, উদ্ধার করা আলামত এবং অন্যান্য তথ্য-প্রমাণ যাচাই করা হচ্ছে। হত্যাকাণ্ডে আর কেউ জড়িত রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।

ইতি/

বিশেষ চাহিদাসম্পন্ন সন্তান থাকলে সরকারি চাকরিজীবীরা পাবেন মাসে ৩ হাজার টাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Saturday, 19 September, 2026, 6:23 pm
বিশেষ চাহিদাসম্পন্ন সন্তান থাকলে সরকারি চাকরিজীবীরা পাবেন মাসে ৩ হাজার টাকা

বিশেষ চাহিদাসম্পন্ন বা প্রতিবন্ধী সন্তান থাকা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য মাসিক আর্থিক সহায়তার ব্যবস্থা করা হয়েছে নতুন বেতনকাঠামোয়। নতুন বিধান অনুযায়ী, একজন সরকারি চাকরিজীবী সর্বোচ্চ দুই সন্তানের জন্য প্রতি মাসে ৩ হাজার টাকা করে ভাতা পাবেন।

 

অর্থাৎ, কোনো সরকারি চাকরিজীবীর দুই সন্তান বিশেষ চাহিদাসম্পন্ন হলে তিনি মাসে সর্বোচ্চ ৬ হাজার টাকা ভাতা পাওয়ার সুযোগ পাবেন। তবে দুইয়ের বেশি সন্তান থাকলেও ভাতা দেওয়া হবে সর্বোচ্চ দুই সন্তানের জন্য।

 

শনিবার (১৯ সেপ্টেম্বর) প্রকাশিত সরকারি বেতনকাঠামোসংক্রান্ত গেজেটে এ সুবিধার বিষয়টি উল্লেখ করা হয়েছে। সংশ্লিষ্টদের মতে, সরকারি চাকরিজীবীদের জন্য বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানের ক্ষেত্রে এ ধরনের ভাতা চালুর উদ্যোগ এবারই প্রথম।

 

গেজেটের বিধান অনুযায়ী, একই সন্তানের জন্য একাধিক সরকারি ভাতা একসঙ্গে নেওয়ার সুযোগ থাকবে না। ভাতার অর্থ বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানের মা অথবা বাবার ব্যাংক হিসাবে পাঠানো হবে। চাকরিতে থাকা অবস্থায় সরকারি কর্মকর্তা-কর্মচারীরা এ সুবিধা পাওয়ার সুযোগ রাখবেন।

 

নতুন বেতনকাঠামোর আওতায় প্রায় ২৪ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং প্রায় ৯ লাখের বেশি পেনশনভোগী সুবিধা পাওয়ার কথা রয়েছে। তবে সরকারি চাকরিজীবীদের মধ্যে বিশেষ চাহিদাসম্পন্ন সন্তান রয়েছে—এমন পরিবারের সঠিক সংখ্যা এখনো নির্ধারিত হয়নি।

 

এ সংক্রান্ত তথ্য সংরক্ষণ ও ব্যবস্থাপনার জন্য সরকারের সমন্বিত বাজেট ও হিসাব ব্যবস্থাপনা সফটওয়্যার (আইবাস++)-এ প্রয়োজনীয় তথ্য যুক্ত করার উদ্যোগ নেওয়া হবে।

 

ভাতা দেওয়ার আগে সন্তানের প্রতিবন্ধিতা বা বিশেষ চাহিদার বিষয়টি যাচাই করা হবে। অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, সংশ্লিষ্ট কর্মকর্তা বা কর্মচারী যে মন্ত্রণালয় বা দপ্তরে কর্মরত, সেখান থেকেই প্রয়োজনীয় তথ্য যাচাই-বাছাই করা হবে।

 

দীর্ঘদিন ধরে বিশেষ চাহিদাসম্পন্ন সন্তান থাকা সরকারি চাকরিজীবীদের জন্য আর্থিক সহায়তার দাবি জানানো হচ্ছিল। নতুন এ সুবিধার মাধ্যমে এসব পরিবারের চিকিৎসা, শিক্ষা, থেরাপি ও পরিচর্যার ব্যয়ে কিছুটা সহায়তা মিলবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

 

তবে ভাতা পেতে কী ধরনের সনদ প্রয়োজন হবে, যোগ্যতা যাচাইয়ের সুনির্দিষ্ট শর্ত কী এবং কীভাবে আবেদন করতে হবে—এসব বিষয়ে বিস্তারিত নির্দেশনা সংশ্লিষ্ট দপ্তরের বিধি ও পরবর্তী প্রশাসনিক প্রক্রিয়ার মাধ্যমে নির্ধারণ করা হবে।

ইতি/