খুঁজুন
, ,

মার্কিন কংগ্রেসম্যানদের সফর বাংলাদেশের জন্য সুখবর: পররাষ্ট্রমন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: Friday, 11 August, 2023, 2:43 pm
মার্কিন কংগ্রেসম্যানদের সফর বাংলাদেশের জন্য সুখবর: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন বলেছেন, ধনী দেশগুলো চীনের উন্নতি সহ্য করতে পারছে না। ভৌগলিক অবস্থান ও উন্নয়নের কারণে বাংলাদেশও বিদেশিদের কাছে অধিক গুরুত্বপূর্ণ। এ কারণে বৈশ্বিক রাজনীতির অংশ হয়েছে বাংলাদেশ।

শুক্রবার সকালে সিলেট সদর উপজেলা পরিষদের ১২টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

শুক্রবার সকালে নিজের নির্বাচনি এলাকা সিলেটে দুই দিনের সফরে আসেন পররাষ্ট্রমন্ত্রী। সকালে সিলেট পৌঁছেই প্রধান অতিথি হিসেবে অংশ নেন এলজিইডি আওতায় ১২টি উন্নয়ন প্রকল্পের উদ্ধোধনী অনুষ্ঠানে।

তিনি বলেন, বিরোধী দল ও কিছু প্রবাসী মিলে বিদেশিদের কাছে প্রতিনিয়ত নালিশ করে যাচ্ছে; যার ফলে বাংলাদেশের নির্বাচন নিয়ে প্রতিনিয়ত মাতামাতি হচ্ছে।

এসময় যুক্তরাষ্ট্রের কংগ্রেসম্যানদের সফরকে বাংলাদেশের জন্য সুখবর বলেন তিনি। প্রত্যাশা করেন, এ সফরে বাংলাদেশ সম্পর্কে ভুল ভাঙবে তাদের। আর বাড়তে পারে রোহিঙ্গাদের জন্য সহায়তা।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আগামী নির্বাচন সুন্দর হবে। প্রধানমন্ত্রী বিশ্বের কাছে প্রমাণ করতে চান দেশে অভাবনীয় উন্নয়ন হয়েছে। আওয়ামী লীগ সরকার মানুষের সেবা করতে চায়। আওয়ামী লীগ আছে বলেই উন্নয়ন হয়েছে। এ স্থিতিশীলতা টিকিয়ে রাখতে বার বার আওয়ামী লীগ সরকার দরকার। এ সরকার ক্ষমতায় না থাকাকালে পাঁচবার দুর্নীতিতে দেশ প্রথম হয়েছে। একদিনে ৬৪ জেলায় বোমা হামলা হয়েছে। সরকারের মদতে বিরোধী দলের ওপর গ্রেনেড হামলা হয়। বোমাবাজি ও সন্ত্রাসের দেশ না চাইলে আওয়ামী লীগকে বিজয়ী করতে হবে।

অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের কংগ্রেসম্যানদের বাংলাদেশ সফর নিয়ে প্রশ্ন করেলে ক্ষেপে যান তিনি। তিনি পালটা প্রশ্ন ছুড়ে বলেন, আপনারা কংগ্রেসম্যান নিয়ে এত চিন্তায় কেন? আপনি কি আমেরিকান কংগ্রেসম্যান? আমেরিকাতে ৪৩৫ জন কংগ্রেসম্যান আছে তারা তো সারা দুনিয়া বেড়াবে এটাই স্বাভাবিক। তারা বাংলাদেশেও আসবে। আসুক, তারা আসলে তো ভালো। এসে আমাদের দেশে দেখে যাক। তাদের তো ধারণা বাংলাদেশ একটি দরিদ্র, সাইক্লোনপিস্ট গরিব দেশ। কিন্তু এসে দেখবে এ দেশ তো এত গরিব না। আমরা তাদের স্বাগত জানাই। এটা সুখবর।

তিনি বলেন, তাদের কাছে এমন ধারণা দেওয়া হয়েছে যে বাংলাদেশে দিনে রাতে রাস্তায় মানুষ মরে পড়ে থাকে, মারামারি কাটাকাটি চলছে। আমদের বিরোধী দল ও কিছু প্রবাসী তাদের ধারণা দিয়ে যাচ্ছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়ে বাংলাদেশ থেকে হিন্দু ধর্মের লোকজন প্রায় অর্ধেক হয়ে গেছে নির্যাতনের কারণে। কিন্তু আসলে হিন্দু সম্প্রদায়ের আরও ১০ লাখ বেড়েছে। এছাড়া বিরোধী দলের তথ্য মতে তারা জেনেছেন খিষ্ট্রান সম্প্রদায় নাকি বাংলাদেশে নিশ্চিহ্ন হয়েছে। তো তারা আসুক, দেখুক তারা বিরোধী দলের কাছে যা শুনেছে তা সত্যি কিনা। এটা আমাদের জন্য ভালো, তাদের ভুল ভাঙবে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, তারা আসছে মূলত রোহিঙ্গাদের জন্য। মানবিক কারণে তারা রোহিঙ্গাদের সহায়তা দেয়, যেটা বাংলাদেশ সরকারকে নয় বিভিন্ন সংস্থাকে। সেসব সহায়তা ঠিকমত ব্যয় হচ্ছে কিনা, কেউ চুরি করছে কিনা তা পর্যবেক্ষণ করতে। কারণ যারা আসছে তারা মূলত অর্থ ছাড় কমিটির সদস্য।

তিনি বলেন, বাংলাদেশ রোহিঙ্গাদের জন্য সহায়তা বাড়াতে বলেছে, তারা পর্যবেক্ষণ করে গেলে হয়তো সেই সহায়তা আরও বাড়বে। এ জন্য তাদের এ সফর রোহিঙ্গাদের জন্য ভালো।

এ সময় পৃথিবীর বিভিন্ন দেশে নির্বাচন হলেও শুধু বাংলাদেশের নির্বাচন নিয়ে বিদেশিদের এত আগ্রহ কেন- এমন প্রশ্নে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, এতো কথা বলার সুযোগ তৈরি করেছেন আপনারা।

তিনি বলেন, আমার জানা মতে গত জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত ৬৭টি দেশে নির্বাচন হয়েছে এবং আগামী ডিসেম্বর পর্যন্ত ২২টি দেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। সেসব নির্বাচন নিয়ে কোনো কথা নেই। কিন্তু শুধু বাংলাদেশের নির্বাচন নিয়ে প্রায় প্রতিদিনই কথা হচ্ছে। এর প্রধান কারণ হচ্ছে আমাদের বিরোধী দল সব সময়ই বিদেশিদের কাছে নালিশ করে আসছে, তারা জনসাধারণের কাছে যেতে পারে না। তারা নালিশ পার্টি হয়ে গেছে। এছাড়া কিছু প্রবাসী আছেন তারাও বিদেশিদের কাছে ইনিয়ে বিনিয়ে বাংলাদেশ সম্পর্কে নানা নালিশ করে থাকেন সে কারণেই এতো কথা।

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ভালো দিক হলো ভূ-অবস্থানজনিত কারণে বাংলাদেশ খুব গুরুত্বপূর্ণ। কারণ বড়লোকের দেশগুলো চীনের উন্নতি সহ্য করতে পারছে না। আর ভূ-অবস্থানের কারণে বাংলাদেশের রাজনীতিতে টানাটানি করছে। কিন্তু আমরা এই সমস্যা কাটিয়ে উঠব। শেখ হাসিনা থাকলে কোনো সমস্যা নেই।

সিলেট সদর উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সিটি করপোরেশনের নব নির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী প্রমুখ।

 

হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 8:44 pm
হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় হাতকড়া পরতে অস্বীকৃতি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। এ সময় পুলিশের সঙ্গে তার কিছুক্ষণ কথা-কাটাকাটি হয়। পরে হাতকড়া ছাড়াই তাকে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

 

প্রিজনভ্যান থেকে নামানোর আগে দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ সদস্য তার হাতে হাতকড়া পরাতে গেলে আপত্তি জানান জিয়াউল আহসান। এ সময় তিনি বলেন, ‘আমি এসব পরব না। কোন আইনে আছে?’

 

পরে কয়েক মিনিটের আলোচনা শেষে হাতকড়া ছাড়াই তাকে প্রিজনভ্যান থেকে নামানো হয়। দুপুর ১টা ৫৮ মিনিটে তাকে ট্রাইব্যুনাল-২-এর এজলাসে তোলা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘জয় আমাদের হবেই। কেউ ঠেকাতে পারবে না।’

 

এদিন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল।

 

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, মামলায় ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হত্যাকাণ্ড এবং পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

 

তবে এসব অভিযোগের বিচার এখনো চলমান। মামলার অভিযোগ ও আসামিদের দায় আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 7:35 pm
সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

ভারতে নির্বাসনে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনীমূলক বই Belonging: A Journey of Love প্রকাশের পর।

 

বইটিতে শেখ হাসিনার সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্ক ও তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন অধ্যায় তুলে ধরেছেন সোনিয়া গান্ধী।

 

সোনিয়া লিখেছেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্য হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। সে সময় তিনি প্রায় ছয় বছর দিল্লিতে নির্বাসিত জীবন কাটান। পরে ১৯৮১ সালে দেশে ফিরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত হন এবং চারবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

 

শেখ হাসিনার রাজনৈতিক দৃঢ়তার প্রশংসা করে সোনিয়া বইয়ে উল্লেখ করেন, তিনি একজন প্রভাবশালী ও শক্তিশালী রাজনীতিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।

 

শেখ হাসিনার সঙ্গে তাঁদের শেষ সাক্ষাৎ হয়েছিল তাঁর ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক দিন আগে। বর্তমানে আবারও নির্বাসনে থাকা হাসিনা দেশে ফিরলে কারাবন্দি হওয়ার ঝুঁকি রয়েছে উল্লেখ করে সোনিয়া লেখেন, ‘সময় কখন, কার পক্ষে ঘুরে দাঁড়ায়, তা কে বলতে পারে?’

 

সোনিয়ার এই মন্তব্যকে শেখ হাসিনার সম্ভাব্য রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে। তবে বইটিতে শেখ হাসিনা দেশে ফিরে আবার প্রধানমন্ত্রী হবেন—এমন কোনো সরাসরি ঘোষণা বা নিশ্চয়তা দেওয়া হয়নি।

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 4:01 pm
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টার দিকে কাজে যোগ না দিয়ে হঠাৎ মহাসড়কে অবস্থান নেন শ্রমিকরা।

 

একপর্যায়ে তারা সড়ক অবরোধ করলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়।

 

বিক্ষোভরত শ্রমিকরা জানান, বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে তারা আন্দোলনে নেমেছেন। পাশাপাশি পুলিশের বিরুদ্ধে অন্যায়ভাবে লাঠিচার্জ ও নির্বিচারে গ্রেপ্তারের অভিযোগও তুলেছেন তারা। স্থানীয় নেতাকর্মী ও বহিরাগত সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন শ্রমিকরা।

 

এদিকে শ্রমিক বিক্ষোভের খবর ছড়িয়ে পড়লে মহাসড়কের আশপাশের বেশ কয়েকটি পোশাক কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এতে শিল্পাঞ্চলে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ও উদ্বেগ তৈরি হয়েছে।

 

অন্যদিকে মহাসড়ক অবরোধের কারণে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহন আটকে পড়েছে। চরম দুর্ভোগে পড়েছেন কর্মজীবী মানুষ ও সাধারণ যাত্রীরা।

 

শ্রমিকদের বিক্ষোভ চললেও সকাল থেকে ঘটনাস্থল ও আশপাশের মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

 

মহাসড়ক অবরোধের কারণে সৃষ্ট অচলাবস্থা কখন কাটবে, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন যাত্রীরা।