খুঁজুন
, ,

ঢাকায় আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি সমাবেশ, মানুষের মধ্যে উদ্বেগ

ডেস্ক নিউজ
প্রকাশিত: Thursday, 27 July, 2023, 2:40 pm
ঢাকায় আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি সমাবেশ, মানুষের মধ্যে উদ্বেগ

বাংলাদেশের প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি সমাবেশ ঘিরে রাজধানীতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সংঘাতের আশঙ্কায় মানুষের মধ্যে বেড়েছে উদ্বেগ। শুক্রবার দুপুরে দুই দলের সমাবেশ হওয়ার কথা। যদিও মানুষকে আশ্বস্ত করে পুলিশ কমিশনার বলেছেন, যে কোন পরিস্থিতি মোকাবেলায় পুলিশ প্রস্তুত রয়েছে। রাজনৈতিক দল দু’টির নেতারাও বলছেন, তারা কোন সংঘাত চান না। তাদের কর্মসূচী হবে শান্তিপূর্ণ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমিরেটাস অধ্যাপক ও রাজনৈতিক বিশ্লেষক সিরাজুল ইসলাম চৌধুরী বাংলাভিশনের কন্টেন্টপার্টনার ডয়চে ভেলেকে বলেন, “আমাদের প্রধান দু’টি রাজনৈতিক দলের উদ্দেশ্য হচ্ছে, ক্ষমতায় থাকা বা ক্ষমতায় যাওয়া। তারা তো মানুষের সমস্যা নিয়ে চিন্তা করে না। আমরা আগে কখনও এভাবে পাল্টাপাল্টি কর্মসূচি দেখিনি। এটা বাংলাদেশের রাজনীতিতে নতুন মাত্রা। এখন যে পরিস্থিতি আমরা দেখছি, তাতে তো আতঙ্কিত হওয়ার যথেষ্ট কারণ রয়েছে। সবাই তো উদ্বেগের মধ্যে আছে। কখন যেন সংঘাত বেঁধে যায়। এই পরিস্থিতির উত্তরণ তখনই সম্ভব, যখন তারা আলোচনা করে সমাধানের চেষ্টা করবেন। এখন পর্যন্ত তো আমরা সেই অবস্থা দেখছি না। সবকিছুই তো হচ্ছে নির্বাচনের কারণে। ফলে সবাই যদি একটু ছাড় দেওয়ার মানসিকতা নিয়ে এগিয়ে আসে তাহলে সম্ভব।”

শুক্রবার দুপুরে বিএনপির মহাসমাবেশ হওয়ার কথা রয়েছে নয়াপল্টনে পার্টি অফিসের সামনে। একই সময় আওয়ামী লীগের তিন সহযোগী সংগঠনের ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের শান্তি সমাবেশের কথা বায়তুল মোকাররম মসজিদের দক্ষিন গেটে। দুই দলের সমাবেশের স্থান দুই কিলোমিটারেরও কম দূরত্বের মধ্যে। উভয় দল সারাদেশ থেকে নেতাকর্মীদের ঢাকায় এনেছে। বিশাল শোডাউনের প্রস্তুতি নিয়েছে তারা।

এদিকে সংঘাতের শঙ্কায় বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবসেও রাস্তায় তেমন গাড়ি দেখা যায়নি। অজানা আতঙ্কে খুব বেশি প্রয়োজন ছাড়া কেউ বের হননি। অথচ অন্য সময় শেষ কর্মদিবসে দিনভর শহর যানজটে থমকে থাকে।

ঢাকার মহাসমাবেশকে কেন্দ্র করে পাঁচ শতাধিক নেতাকর্মীকে আটক করা হয়েছে বলে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে রিজভী বলেন, “শুক্রবারের সমাবেশে যোগ দিতে দেশের বিভিন্ন জায়গা থেকে বিএনপির নেতা-কর্মীরা ঢাকায় এসেছেন। তাদের গ্রেপ্তারের জন্য পুলিশ রাজধানীর বিভিন্ন আবাসিক হোটেলসহ বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছে। তাদের ৩০০ জনের বেশি নেতা-কর্মীকে পুলিশ এখন পর্যন্ত গ্রেপ্তার করেছে।”

তবে খোঁজ নিয়ে জানা গেছে, বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে বুধবার রাতে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের কাছাকাছি মিডওয়ে হোটেল থেকেই দলটির ৫০ জনের বেশি কর্মীকে আটক করা হয়েছে। এর বাইরে কতজনকে আটক করা হয়েছে, বৃহস্পতিবার দুপুর পর্যন্ত পুলিশ তা আনুষ্ঠানিকভাবে জানায়নি। পুলিশের সূত্র জানায়, ঢাকা মহানগর পুলিশ ৪১১ জনকে গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে বিএনপির ৩৬৬ কর্মী রয়েছেন। গত মঙ্গলবার রাতে গ্রেপ্তার ৭৫ নেতা-কর্মীকে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

তবে এই ধরপাকড়ের কথা অস্বীকার করেছেন পুলিশ কমিশনার খন্দকার ফারুক হোসেন। তিনি বলেছেন, “এই গ্রেফতার প্রক্রিয়া নিয়মিত কাজের অংশ। কোন সমাবেশ ঘিরে কাউকে গ্রেফতার করা হয়নি।” পাল্টাপাল্টি সমাবেশ ঘিরে যে আতঙ্ক সৃষ্টি হয়েছে, তাতে সাধারণ মানুষকে আশ্বস্ত করতে আপনারা কী পদক্ষেপ নিয়েছেন? জানতে চাইলে কমিশনার বলেন, “পুলিশ সতর্ক অবস্থায় আছে। এর আগেও আমরা দেখেছি, রাজনৈতিক কর্মসূচির নামে বোমা হামলা হয়েছে, সন্ত্রাস সৃষ্টি করা হয়েছে। এবার যেন এই ধরনের কোন ঘটনা না ঘটতে পারে সেজন্য আমরা চেকপোস্টে তল্লাশির পাশাপাশি সব ধরনের কার্যক্রম অব্যহত রয়েছে।”

আওয়ামী লীগ এবং বিএনপি, দুই দলকেই রাজধানীতে সমাবেশ করতে একই শর্ত বদেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রাজনৈতিক দলগুলোকে আপনারা কেন রাস্তায় সমাবেশ করার অনুমতি দেন? রাজনৈতিক দলগুলো আগে-পরে সমাবেশ করতে পারে, এতে মানুষের দুর্ভোগও কম হয়। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, “এটা তাদের রাজনৈতিক সিদ্ধান্ত, এখানে আমার কিছু বলার নেই। এটা রাজনৈতিক নেতাদের জিজ্ঞাসা করুন, আমি তো স্বরাষ্ট্রমন্ত্রী এ মুহূর্তে, আমার কাছে আইন শৃঙ্খলা নিয়ে জিজ্ঞাসা করবেন।”

দুই দলের সমাবেশ ঘিরে মানুষ যে আতঙ্কিত সে ব্যাপারে বিএনপির পক্ষ থেকে আশ্বস্ত করতে কোন পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা জানতে চাইলে বিএনপির যুগ্ম মহাসচিব হারুনুর রশীদ বলেন, “আমরা তো শান্তিপূর্ণভাবে সমাবেশ করছি। কিন্তু আমাদের সমাবেশের সময় আওয়ামী লীগ যে কর্মসূচি দিচ্ছে তাতেই তো সংঘাতের পরিবেশ তৈরি করছে। এতে যে মানুষের মধ্যে আতঙ্কময় পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেটা সত্যি। কিন্তু এর জন্য কারা দায়ী? সাধারণ মানুষ তো সেটা দেখছে। আসলে তারা তো চায়, সংঘাত বাঁধাতে।”

অন্যদিকে আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আ. ফ. ম. বাহাউদ্দিন নাছিম বলেন, “আমরা তো শান্তির পক্ষে। যে কারণে আমরা তো শান্তি সমাবেশ করছি। যারা আগুন সন্ত্রাস করেছে, যারা দেশে গণতন্ত্র চায় না, তারা আতঙ্ক সৃষ্টি করে ফায়দা তুলতে চাচ্ছে। আওয়ামী লীগ সব সময় গণতন্ত্রের পক্ষে। সাংবিধানিক ধারা অব্যহত রাখতে কাজ করে যাচ্ছে আওয়ামী লীগ। আর বিএনপি সেটা ধ্বংস করতে চায়। তাদের সেই সুযোগ দেওয়া হবে না।”

হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 8:44 pm
হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় হাতকড়া পরতে অস্বীকৃতি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। এ সময় পুলিশের সঙ্গে তার কিছুক্ষণ কথা-কাটাকাটি হয়। পরে হাতকড়া ছাড়াই তাকে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

 

প্রিজনভ্যান থেকে নামানোর আগে দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ সদস্য তার হাতে হাতকড়া পরাতে গেলে আপত্তি জানান জিয়াউল আহসান। এ সময় তিনি বলেন, ‘আমি এসব পরব না। কোন আইনে আছে?’

 

পরে কয়েক মিনিটের আলোচনা শেষে হাতকড়া ছাড়াই তাকে প্রিজনভ্যান থেকে নামানো হয়। দুপুর ১টা ৫৮ মিনিটে তাকে ট্রাইব্যুনাল-২-এর এজলাসে তোলা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘জয় আমাদের হবেই। কেউ ঠেকাতে পারবে না।’

 

এদিন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল।

 

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, মামলায় ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হত্যাকাণ্ড এবং পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

 

তবে এসব অভিযোগের বিচার এখনো চলমান। মামলার অভিযোগ ও আসামিদের দায় আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 7:35 pm
সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

ভারতে নির্বাসনে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনীমূলক বই Belonging: A Journey of Love প্রকাশের পর।

 

বইটিতে শেখ হাসিনার সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্ক ও তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন অধ্যায় তুলে ধরেছেন সোনিয়া গান্ধী।

 

সোনিয়া লিখেছেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্য হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। সে সময় তিনি প্রায় ছয় বছর দিল্লিতে নির্বাসিত জীবন কাটান। পরে ১৯৮১ সালে দেশে ফিরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত হন এবং চারবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

 

শেখ হাসিনার রাজনৈতিক দৃঢ়তার প্রশংসা করে সোনিয়া বইয়ে উল্লেখ করেন, তিনি একজন প্রভাবশালী ও শক্তিশালী রাজনীতিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।

 

শেখ হাসিনার সঙ্গে তাঁদের শেষ সাক্ষাৎ হয়েছিল তাঁর ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক দিন আগে। বর্তমানে আবারও নির্বাসনে থাকা হাসিনা দেশে ফিরলে কারাবন্দি হওয়ার ঝুঁকি রয়েছে উল্লেখ করে সোনিয়া লেখেন, ‘সময় কখন, কার পক্ষে ঘুরে দাঁড়ায়, তা কে বলতে পারে?’

 

সোনিয়ার এই মন্তব্যকে শেখ হাসিনার সম্ভাব্য রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে। তবে বইটিতে শেখ হাসিনা দেশে ফিরে আবার প্রধানমন্ত্রী হবেন—এমন কোনো সরাসরি ঘোষণা বা নিশ্চয়তা দেওয়া হয়নি।

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 4:01 pm
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টার দিকে কাজে যোগ না দিয়ে হঠাৎ মহাসড়কে অবস্থান নেন শ্রমিকরা।

 

একপর্যায়ে তারা সড়ক অবরোধ করলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়।

 

বিক্ষোভরত শ্রমিকরা জানান, বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে তারা আন্দোলনে নেমেছেন। পাশাপাশি পুলিশের বিরুদ্ধে অন্যায়ভাবে লাঠিচার্জ ও নির্বিচারে গ্রেপ্তারের অভিযোগও তুলেছেন তারা। স্থানীয় নেতাকর্মী ও বহিরাগত সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন শ্রমিকরা।

 

এদিকে শ্রমিক বিক্ষোভের খবর ছড়িয়ে পড়লে মহাসড়কের আশপাশের বেশ কয়েকটি পোশাক কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এতে শিল্পাঞ্চলে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ও উদ্বেগ তৈরি হয়েছে।

 

অন্যদিকে মহাসড়ক অবরোধের কারণে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহন আটকে পড়েছে। চরম দুর্ভোগে পড়েছেন কর্মজীবী মানুষ ও সাধারণ যাত্রীরা।

 

শ্রমিকদের বিক্ষোভ চললেও সকাল থেকে ঘটনাস্থল ও আশপাশের মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

 

মহাসড়ক অবরোধের কারণে সৃষ্ট অচলাবস্থা কখন কাটবে, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন যাত্রীরা।