খুঁজুন
, ,

একদফায় অনড় খালেদা জিয়া, চলমান আন্দোলন আরও জোরদার করতে বলেছেন নেতাদের 

ডেস্ক নিউজ
প্রকাশিত: Thursday, 20 July, 2023, 3:35 am
একদফায় অনড় খালেদা জিয়া, চলমান আন্দোলন আরও জোরদার করতে বলেছেন নেতাদের 
ক্ষমতাসীন সরকারের পদত্যাগের প্রশ্নে কোনোরকম আপস না করতে দলের নেতাদের নির্দেশ দিয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের একদফা দাবিতে নিজের অনড় অবস্থানের কথা জানিয়ে চলমান আন্দোলন আরও জোরদার করতে বলেছেন তিনি। সম্প্রতি বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের দুই নেতা দেখা করতে গেলে খালেদা জিয়া তাদের মাধ্যমে এই বার্তা দিয়েছেন। আন্দোলন জোরদারে ব্যর্থ হলে দলীয় নেতাদের দায়িত্বে থাকা নিয়েও বিএনপি চেয়ারপারসন প্রশ্ন তুলেছেন বলে জানা গেছে।

সূত্র জানায়, দলের শীর্ষ পর্যায়ের দুজন নেতা আলাদাভাবে খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় যান। তারা দলীয় চেয়ারপারসনের শারীরিক অবস্থার খোঁজ নেওয়ার পাশাপাশি তাকে চলমান আন্দোলন ও সাংগঠনিক বিভিন্ন বিষয় অবহিত করেন। এ সময় খালেদা জিয়া নানা বিষয়ে তার মতামত তুলে ধরেন এবং দল ও আন্দোলন পরিচালনায় নানা নির্দেশনা দেন।

বিএনপি ঘোষিত একদফার আন্দোলন সম্পর্কে খালেদা জিয়ার সাফ কথা, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারে একদফা আন্দোলনে কোনো ছাড় নয়। সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নির্দলীয়-নিরপেক্ষ সরকারের দাবিতে যে আন্দোলন চলছে, তা আরও জোরদার করতে হবে।

তিনি মনে করেন, ঠিকভাবে আন্দোলন চালিয়ে যেতে পারলে ফলাফল আসবে, আন্দোলনেই দাবি আদায় করা সম্ভব। দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে এক দফার আন্দোলন চালিয়ে যাওয়ার নির্দেশ দেন তিনি।

নির্দেশনা দেওয়ার সময় খালেদা জিয়া বিএনপির ওই শীর্ষ দুই নেতাকে বলেন, ‘যদি আন্দোলন জোরদার করতে না পারেন, তাহলে দায়িত্বে থাকার দরকার কি? আপনারা না পারলে অন্য কাউকে দায়িত্বে আনতে হবে।’

দলীয় নেতাদের উদ্দেশে খালেদা জিয়া আরও বলেন, ‘ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের কোনো গণভিত্তি নেই। তারা দেশের জনগণ থেকে শুধু বিচ্ছিন্ন নয়, বহির্বিশ্ব থেকেও বিচ্ছিন্ন হয়ে পড়েছে। দেশের জনগণ আমাদের সঙ্গে রয়েছে। তারা পরিবর্তন চায়। অতএব দেশবাসীকে ঐক্যবদ্ধ করে এই সরকারকে বিদায়ের লক্ষ্যে আন্দোলন আরও জোরালো করতে হবে। আন্দোলনেই এই সরকারকে বিদায় করতে হবে।’

এর আগে গত ২৯ জুন ঈদুল আজহার রাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা খালেদা জিয়ার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে তার বাসভবন ফিরোজায় যান। সেখানে রাজনীতি নিয়ে তেমন কথাবার্তা না হলেও কুশল বিনিময়ের একপর্যায়ে স্থায়ী কমিটির এক নেতা চলমান আন্দোলনের প্রসঙ্গ তোলেন। তখন বিএনপির সরকারবিরোধী আন্দোলন সঠিক পথে রয়েছে বলে মন্তব্য করেন খালেদা জিয়া।

স্থায়ী কমিটির সদস্যদের নির্দেশনা দিয়ে তিনি বলেন, ‘আন্দোলন চালিয়ে যান, এবার ফলাফল আসবে। ঠিকভাবে আন্দোলন চালিয়ে যেতে পারলে সরকার দাবি মানতে বাধ্য হবে।’

ওই সময় দলের একজন খালেদা জিয়াকে আবার প্রধানমন্ত্রীর দায়িত্বে দেখার প্রত্যাশা ব্যক্ত করেন। এর জবাবে খালেদা জিয়া বলেন, ‘গণতন্ত্র পুনরুদ্ধারে জনসম্পৃক্ত আন্দোলনে এই সরকারকে বিদায় করতে পারলে সেটাই হবে বড় অর্জন। কে কী হবে, পরেরটা পরে। আপনারা আন্দোলন চালিয়ে যান।’

তারও আগে গত ৮ মে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে ফিরোজায় গিয়ে সাক্ষাৎ করেন গণতন্ত্র মঞ্চের শরিক নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। এ সময় নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা ছাড়া আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচন হলে দেশের মানুষকে তা বয়কটের আহ্বান জানান খালেদা জিয়া।

আন্দোলন প্রসঙ্গে মান্নাকে তিনি বলেন, ‘সবাইকে নিয়ে আন্দোলন চালিয়ে যান। ষড়যন্ত্র করে নেতাদের বিপথগামী করার চেষ্টা করবে সরকার। এ ক্ষেত্রে সজাগ ও সতর্ক থাকতে হবে। সরকারের কোনো ফাঁদে পা না দিয়ে আন্দোলন জোরদার করতে হবে। দাবি আদায়ে আন্দোলনের কোনো বিকল্প নেই।’

বর্তমান আওয়ামী লীগ সরকারের অধীনে বিএনপি নির্বাচনে যাবে না বলেও মাহমুদুর রহমান মান্নার মাধ্যমে জানিয়েছিলেন খালেদা জিয়া। মান্নার বরাত দিয়ে নাগরিক ঐক্যের পক্ষ থেকে তখন খালেদা জিয়ার ওই বার্তা গণমাধ্যমকে জানানো হয়েছিল।

৭৮ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি জটিলতা, চোখের সমস্যা, লিভারের রোগ ও হৃদরোগে ভুগছেন। গত বছর হাসপাতালে ভর্তি হওয়ার পর তার পরিপাকতন্ত্রে রক্তক্ষরণ ও লিভার সিরোসিসে আক্রান্ত হওয়ার কথা জানিয়েছিলেন মেডিকেল বোর্ডের চিকিৎসকরা। এর আগে তিনি দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাগারে যান। দেশে করোনা মহামারি শুরুর পর পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ২০২০ সালের ২৫ মার্চ তাকে নির্বাহী আদেশে শর্তসাপেক্ষে ‘সাময়িক মুক্তি’ দেয় সরকার। এরপর থেকে তার দণ্ডাদেশ স্থগিতের মেয়াদ ছয় মাস করে বাড়ানো হচ্ছে।

তবে শর্তসাপেক্ষে কারামুক্তির পর থেকেই রাজনীতিতে নিষ্ক্রিয় খালেদা জিয়া। এ কারণে দল পরিচালনায় সাধারণত কোনো বিষয়ে সিদ্ধান্ত দেন না। দলের মহাসচিব প্রতি মাসে ফিরোজায় গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করলেও অন্য নেতাদের সেই সুযোগ সীমিত। তবে কারোর সঙ্গে দেখা করতে বা কথা বলতে চাইলে তাকে ফিরোজায় ডেকে পাঠান। মূলত দুই ঈদে স্থায়ী কমিটির সদস্যরা তার সঙ্গে সাক্ষাতের সুযোগ পান। আর মাঝেমধ্যে নেতারা দেখা করতে গেলে তাদের মাধ্যমে রাজনীতির খবর নেন এবং বিশেষ প্রয়োজনে নির্দেশনাও দেন। সংগত কারণেই খালেদা জিয়ার অনুপস্থিতিতে দলের গঠনতন্ত্র অনুযায়ী সিনিয়র ভাইস চেয়ারম্যান হিসেবে তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। লন্ডন থেকে স্থায়ী কমিটির সদস্যদের পরামর্শে ভার্চুয়ালি দল পরিচালনা করছেন তিনি।

দীর্ঘদিন পর গত বছরের ২২ আগস্ট থেকে জনস্বার্থ ইস্যুতে কর্মসূচি নিয়ে রাজপথে নামে বিএনপি। প্রায় চার মাস ঢাকাসহ দেশব্যাপী এককভাবে কর্মসূচি করার পর ১০ ডিসেম্বর ঢাকায় বিভাগীয় গণসমাবেশ থেকে ১০ দফার ভিত্তিতে যুগপৎ আন্দোলনের ঘোষণা দেয় দলটি, যা ২৪ ডিসেম্বর থেকে দেশজুড়ে একযোগে শুরু হয়। এরপর টানা সাত মাস যুগপৎ আন্দোলন চলে। এরই ধারাবাহিকতায় গত ১২ জুলাই রাজধানীর নয়াপল্টনের সমাবেশ থেকে সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের এক দফা ঘোষণা করে। দাবি আদায়ে দুদিনের কর্মসূচিও ঘোষণা করা হয়। সে অনুযায়ী ১৮ ও ১৯ জুলাই রাজধানীসহ দেশজুড়ে পদযাত্রার মধ্য দিয়ে শুরু হয়েছে বিএনপির এক দফার আন্দোলন। আর প্রথম দিনের কর্মসূচিতেই দেশের বিভিন্ন স্থানে পুলিশ ও সরকারদলীয় নেতাকর্মীদের বাধার মুখে পড়তে হয়। এর মধ্যে লক্ষ্মীপুরে পুলিশের গুলিতে কৃষক দলের এক নেতা নিহত হন।

বিএনপির কেন্দ্রীয় দপ্তরের দাবি, কর্মসূচি পালনকালে দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ক্ষমতাসীন দল যৌথভাবে বিএনপির নেতাকর্মীর ওপর হামলা চালিয়েছে। এতে এক হাজারের অধিক নেতাকর্মী গুলিবিদ্ধসহ প্রায় দুই হাজার আহত হয়েছে। এ বিষয়টি বিবেচনায় নিয়ে আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। যদিও পদযাত্রার পর মানববন্ধন, বিক্ষোভ সমাবেশের মতো কর্মসূচি দেওয়ার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত রয়েছে দলটির। সহিংস পথে না হেঁটে টানা কর্মসূচির মাধ্যমে লক্ষ্যে পৌঁছতে চান নীতিনির্ধারকরা।

জানতে চাইলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী  বলেন, ‘গণতন্ত্র পুনরুদ্ধারে সরকারের পদত্যাগের এক দফা দাবিতে আন্দোলন চলছে। সরকার ও সরকারি দল যতই অত্যাচার-নির্যাতন করুক, যতই রক্ত ঝরাক—আমরা কেউ রাজপথ ছাড়ব না। আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়ে নির্বাচনকালীন নির্দলীয়-নিরপেক্ষ সরকারের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।’

দলটির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বলেছেন, ‘আওয়ামী লীগ সরকারের পদত্যাগসহ নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে চলমান আন্দোলন আর বিএনপির একার নয়। এটি এখন সারা দেশের মানুষের আন্দোলন। এই আন্দোলনের মধ্য দিয়েই বর্তমান সরকারকে পদত্যাগে বাধ্য করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা হবে।’

শেখ হাসিনাকে ফেরত দেওয়া নিয়ে অনিশ্চয়তা, প্রত্যর্পণ আবেদন পর্যালোচনায় ভারত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Friday, 13 November, 2026, 12:59 pm
শেখ হাসিনাকে ফেরত দেওয়া নিয়ে অনিশ্চয়তা, প্রত্যর্পণ আবেদন পর্যালোচনায় ভারত

 

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারতের অবস্থান নিয়ে ঢাকা-নয়াদিল্লির কূটনৈতিক আলোচনা ও আইনি জটিলতা অব্যাহত রয়েছে। তাঁর প্রত্যর্পণ, ভারতে অবস্থান এবং বাংলাদেশের আদালতের দেওয়া রায়—সব মিলিয়ে দুই দেশের সম্পর্কে বিষয়টি গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে।

 

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে ক্ষমতা ছেড়ে বাংলাদেশ ত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেদিন বাংলাদেশ বিমানবাহিনীর সি-১৩০ সামরিক পরিবহন বিমানে ভারতের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে পৌঁছান তিনি।

 

বিবিসি বাংলার বরাত দিয়ে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনাকে আনতে ভারতীয় সামরিক উড়োজাহাজ পাঠানোর অনুরোধে দেশটির রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব সম্মতি দেয়নি। পরে বাংলাদেশের নিজস্ব সামরিক উড়োজাহাজে তাঁকে ভারতে নেওয়া হয়। তবে বিমানটির ভারতীয় আকাশসীমা ব্যবহার ও অবতরণের অনুমতি দিয়েছিল নয়াদিল্লি।

 

এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া রায়ের পর তাঁর প্রত্যর্পণের বিষয়টি আরও আলোচনায় আসে। ২০২৫ সালের ১৭ নভেম্বর জুলাই-আগস্টের আন্দোলন দমনে মানবতাবিরোধী অপরাধের মামলায় তাঁকে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন ট্রাইব্যুনাল।

 

রায়ের পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, তারা রায়টি সম্পর্কে অবগত হয়েছে। একই সঙ্গে বাংলাদেশের জনগণের শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি ও স্থিতিশীলতার স্বার্থে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে দেশটি। তবে শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে তখন কোনো স্পষ্ট সিদ্ধান্ত জানায়নি ভারত।

 

ভারতের সংসদে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে দেওয়া এক লিখিত জবাবে দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগের বিষয়ে বাংলাদেশ প্রত্যর্পণের অনুরোধ জানিয়েছে এবং এ বিষয়ে বাংলাদেশ সরকারকে কোনো জবাব দেওয়া হয়নি।

 

পরবর্তী সময়ে ভারতের সংসদীয় কমিটির প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনার প্রত্যর্পণসংক্রান্ত বাংলাদেশের অনুরোধ দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রচলিত আইন ও প্রক্রিয়া অনুসারে পর্যালোচনা করছে। অর্থাৎ, বিষয়টি এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি।

 

অন্যদিকে বাংলাদেশ সরকার প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত দেওয়ার দাবি জানিয়ে আসছে। তবে ভারত এখন পর্যন্ত তাঁকে বাংলাদেশের কাছে হস্তান্তর করেনি।

 

সব মিলিয়ে শেখ হাসিনার প্রত্যর্পণ ও বিচারিক রায় নিয়ে দুই দেশের অবস্থানের পার্থক্য ঢাকা-নয়াদিল্লির কূটনৈতিক সম্পর্কের অন্যতম গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হয়ে রয়েছে।

হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 8:44 pm
হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় হাতকড়া পরতে অস্বীকৃতি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। এ সময় পুলিশের সঙ্গে তার কিছুক্ষণ কথা-কাটাকাটি হয়। পরে হাতকড়া ছাড়াই তাকে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

 

প্রিজনভ্যান থেকে নামানোর আগে দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ সদস্য তার হাতে হাতকড়া পরাতে গেলে আপত্তি জানান জিয়াউল আহসান। এ সময় তিনি বলেন, ‘আমি এসব পরব না। কোন আইনে আছে?’

 

পরে কয়েক মিনিটের আলোচনা শেষে হাতকড়া ছাড়াই তাকে প্রিজনভ্যান থেকে নামানো হয়। দুপুর ১টা ৫৮ মিনিটে তাকে ট্রাইব্যুনাল-২-এর এজলাসে তোলা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘জয় আমাদের হবেই। কেউ ঠেকাতে পারবে না।’

 

এদিন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল।

 

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, মামলায় ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হত্যাকাণ্ড এবং পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

 

তবে এসব অভিযোগের বিচার এখনো চলমান। মামলার অভিযোগ ও আসামিদের দায় আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 7:35 pm
সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

ভারতে নির্বাসনে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনীমূলক বই Belonging: A Journey of Love প্রকাশের পর।

 

বইটিতে শেখ হাসিনার সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্ক ও তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন অধ্যায় তুলে ধরেছেন সোনিয়া গান্ধী।

 

সোনিয়া লিখেছেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্য হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। সে সময় তিনি প্রায় ছয় বছর দিল্লিতে নির্বাসিত জীবন কাটান। পরে ১৯৮১ সালে দেশে ফিরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত হন এবং চারবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

 

শেখ হাসিনার রাজনৈতিক দৃঢ়তার প্রশংসা করে সোনিয়া বইয়ে উল্লেখ করেন, তিনি একজন প্রভাবশালী ও শক্তিশালী রাজনীতিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।

 

শেখ হাসিনার সঙ্গে তাঁদের শেষ সাক্ষাৎ হয়েছিল তাঁর ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক দিন আগে। বর্তমানে আবারও নির্বাসনে থাকা হাসিনা দেশে ফিরলে কারাবন্দি হওয়ার ঝুঁকি রয়েছে উল্লেখ করে সোনিয়া লেখেন, ‘সময় কখন, কার পক্ষে ঘুরে দাঁড়ায়, তা কে বলতে পারে?’

 

সোনিয়ার এই মন্তব্যকে শেখ হাসিনার সম্ভাব্য রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে। তবে বইটিতে শেখ হাসিনা দেশে ফিরে আবার প্রধানমন্ত্রী হবেন—এমন কোনো সরাসরি ঘোষণা বা নিশ্চয়তা দেওয়া হয়নি।