খুঁজুন
, ,

১ আগস্ট থেকে জ্বালানি তেল উত্তোলন ও পরিবহন বন্ধ ঘোষণা

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 15 July, 2023, 1:29 pm
১ আগস্ট থেকে জ্বালানি তেল উত্তোলন ও পরিবহন বন্ধ ঘোষণা

কমিশন বৃদ্ধিসহ তিন দফা দাবিতে আগামী ১ আগস্ট থেকে অনির্দিষ্টকালের জন্য সারাদেশে ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন ও পরিবহন বন্ধের ঘোষণা দিয়েছে রাজশাহী বিভাগীয় পেট্রোল পাম্প মালিক সমিতি।

শনিবার (১৫ জুলাই) দুপুরে বগুড়ার বেতগাড়িতে সংগঠনের রাজশাহী বিভাগীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ওই সমিতির নেতারা এ দাবি জানান।

বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স ডিস্ট্রিবিউটরস অ্যার্জেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের রাজশাহী বিভাগীয় কমিটির নেতারা এর আগে ৩১ জুলাইয়ের মধ্যে দাবি বাস্তবায়নের আলটিমেটাম দেয়।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সংগঠনের রাজশাহী বিভাগীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: মিজানুর রহমান রতনের সভাপতিত্বে লিখিত বক্তব্য পাঠ করেন সাধারণ সম্পাদক আব্দুল জলিল।

এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি আব্দুল আওয়াল জ্যোতি, রাজশাহী জেলা সভাপতি মনিরুল হক, নির্বাহী সদস্য মো: খায়রুল ইসলাম, সিরাজগঞ্জের সহ-সভাপতি আলী আকবর, রফিকুল ইসলাম, জুবায়ের আহম্মেদ, এমদাদ আহমেদ বাবু, আলী হাসানসহ বিভিন্ন পর্যায়ের নেতারা ।

সংবাদ সম্মেলনে বলা হয়, বিভিন্ন রকম ট্যাক্স, লাইসেন্স, ছাড়পত্র ফিলিং স্টেশন সমূহ ডিজেল, পেট্রোল, অকটেন তেল কোম্পানি থেকে উত্তোলনপূর্বক নির্ধারিত কমিশনের ভিত্তিতে বিক্রয় করা হয়ে থাকে। ফিলিং স্টেশন উৎপাদনকারী প্রতিষ্ঠান নয়, অথচ কল-কারখানা ও প্রতিষ্ঠান অধিদফতর তাদের লাইসেন্স গ্রহণের জন্য ফিলিং স্টেশন সমূহকে চাপ প্রয়োগ করা হচ্ছে। এছাড়া পরিবেশ অধিদফতর তাদের লাইসেন্স গ্রহণের জন্য ফিলিং স্টেশন সমূহকে চাপ প্রয়োগ করছে। ফিলিং স্টেশনের প্রবেশ দ্বার সড়ক ও জনপথের জায়গা ব্যবহারের জন্য সড়ক ও জনপথ ফিলিং স্টেশন সমূহকে জমির ইজারা গ্রহণের চাপ প্রয়োগ করছে। অথচ ফিলিং স্টেশন থেকে জ্বালানি তেল সংগ্রহকারী সকল গাড়ির বিআরটিএ-এর রোড পারমিট রয়েছে এমনকি তেল পরিবহনকারী ট্যাংকলরিরও রোড-পারমিট রয়েছে, তারপরও সড়ক ও জনপথের ইজারা গ্রহণ কেন করতে হবে। ফিলিং স্টেশনের জ্বালানি স্টোরেজ ট্যাংক বা আন্ডারগ্রাউন্ড ট্যাংক যা ভূগর্ভে স্থাপিত। আন্ডারগ্রাউন্ড ট্যাংক কোনো পরিমাপ যন্ত্র নয়। তাছাড়া এটা ভোক্তাদের স্বার্থের সাথে কোনোভাবেই সম্পর্কযুক্ত নয় যা পরিবর্তন বা পরিবর্ধন করার সুযোগ নেই। অথচ বিএসটিআই ওই আন্ডারগ্রাউন্ড ট্যাংক প্রতি বছর ক্যালিব্রেশন করার জন্য ফিলিং স্টেশন সমূহকে চাপ প্রয়োগ করছে।

উল্লেখিত বিষয়সহ আরো বিভিন্ন সরকারি সংস্থা হতে তাদের লাইসেন্স গ্রহণের জন্য ফিলিং স্টেশনসমূহকে যে চাপ সৃষ্টি করছে তাতে অচিরেই এ ব্যবসাটি কঠিন সঙ্কটে নিপতিত হবে এবং এই সকল সংস্থার সরকারি নির্ধারিত ফি ছাড়া আনুসঙ্গিক ব্যয় বহুলাংশ যা বহন করা জ্বালানি ব্যবসায়িদের জন্য একেবারেই অসম্ভব। তাই জ্বালানি ও ট্যাংকলরী ব্যবসার ঐতিহ্য ও অস্তিত্ব ঠিক রাখতে হলে অচিরেই বিষয়গুলির একটি সামঞ্জস্যপূর্ণ সমাধান হওয়া উচিত।

তারা আরো বলেন, কোনো পূর্ব ঘোষণা ছাড়াই ২৫ বছরের অধিক পুরাতন ট্যাংকলরীর সকল কাগজপত্র বিআরটিএ নবায়ন বন্ধ করে দিয়েছে। এ বিষয়ে তাদের বক্তব্য হলো জ্বালানি পরিবহনকারী ট্যাংকলরির ইকোনমিক লাইফ ২৫ বছর নির্ধারণ করা হয়েছে। ট্যাংকলরি রেজিস্ট্রেশনের জন্য সতন্ত্র সিরিজ নির্ধারণ করা আছে। আমাদের ট্যাংকলরি জ্বালানি তেল পরিবহন ছাড়া অন্য কোনো পণ্য পরিবহন করে না। অপরদিকে ট্রাক ও কাভার্ডভ্যানের মতো একই সিরিজে রেজিস্ট্রেশন হয় না। তাছাড়া ট্যাংকলরি অনওয়ে সার্ভিস, তারা খালি আসে ভর্তি নিয়ে যায়। সপ্তাহে ট্যাংকলরিসমূহ দুই থেকে তিন দিন জ্বালানি তেল নিয়ে যায়, বাকি দিন তারা বসে থাকে। কাভার্ডভ্যান যদি ২৫ বছর ইকোনমিক লাইফ পায় তাহলে অনায়াসেই ট্যাংকলরি ৭৫ বছর পাওয়ার দাবি রাখে। তাই সেবাধর্মী কাজে নিয়োজিত ট্যাংকলরি একটি বিশেষায়িত পরিবহন হিসেবে ট্যাংকলরির ইকোনমিক লাইফ ৫০ বছর করার জন্য তারা দাবি তুলে ধরেন।

কমিশন বৃদ্ধি প্রসঙ্গে তারা বলেন, এসব বিষয়ে সংশ্লিষ্টজন বৃদ্ধির প্রতিশ্রুতি বারবার দিলেও তা এখনো বাস্তবায়ন হয়নি। জ্বালানি তেলের মূল্যে যখন ৬০ টাকা ছিল তখন যে হারে কমিশন প্রদান করা হতো, তেলের মূল্যে দ্বিগুন হওয়ার পরও প্রায় একই হারে কমিশন প্রদান করা হচ্ছে। অথচ তেল ক্রয়ে ডিলার বা এজেন্টদের দিগুন ইনভেস্টমেন্ট করতে হচ্ছে। একইসাথে জিনিসপত্রের মূল্যে ঊর্ধ্বগতির ফলে কর্মচারীর বেতন অনেকাংশ বৃদ্ধি করতে হয়েছে এবং সকল লাইসেন্স ফি প্রায় দিগুন করা হয়েছে। বিদ্যুতের মূল্য বৃদ্ধিসহ ট্যাংকলরির পার্টসের মূল্যে দ্বিগুন হয়েছে। পাশাপাশি যেখানে অটো গ্যাস স্টেশন এলপিজি প্রতি লিটার ৪৬ টাকা ৫০ পয়সা করে বিক্রয় করে আট টাকা অর্থাৎ ১৭ শতাংশ কমিশন পাচ্ছে। সেখানে ১৩০ টাকা পেট্রোল বা অকটেন বিক্রয় করে চারটাকা অর্থাৎ তিন শতাংশ কমিশন আমাদের দেয়া হচ্ছে। ফলে এলপিজি থেকে প্রায় তিনগুন বেশি অর্থ বিনিয়োগ করে জ্বালানি ব্যবসায়ীদের নূন্যতম কমিশন দেয়া হচ্ছে। এছাড়াও তেলের অস্বাভাবিক মূল্যে বৃদ্ধির পর থেকে তেল বিক্রয় অর্ধেকে নেমে গেছে। তাই ব্যবসায় টিকে রাখতে হলে তিন দফা বাস্তবায়ন জরুরি। এ ব্যাপারে সরকারের সহযোগিতা কামনা করা হচ্ছে।

হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 8:44 pm
হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় হাতকড়া পরতে অস্বীকৃতি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। এ সময় পুলিশের সঙ্গে তার কিছুক্ষণ কথা-কাটাকাটি হয়। পরে হাতকড়া ছাড়াই তাকে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

 

প্রিজনভ্যান থেকে নামানোর আগে দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ সদস্য তার হাতে হাতকড়া পরাতে গেলে আপত্তি জানান জিয়াউল আহসান। এ সময় তিনি বলেন, ‘আমি এসব পরব না। কোন আইনে আছে?’

 

পরে কয়েক মিনিটের আলোচনা শেষে হাতকড়া ছাড়াই তাকে প্রিজনভ্যান থেকে নামানো হয়। দুপুর ১টা ৫৮ মিনিটে তাকে ট্রাইব্যুনাল-২-এর এজলাসে তোলা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘জয় আমাদের হবেই। কেউ ঠেকাতে পারবে না।’

 

এদিন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল।

 

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, মামলায় ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হত্যাকাণ্ড এবং পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

 

তবে এসব অভিযোগের বিচার এখনো চলমান। মামলার অভিযোগ ও আসামিদের দায় আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 7:35 pm
সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

ভারতে নির্বাসনে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনীমূলক বই Belonging: A Journey of Love প্রকাশের পর।

 

বইটিতে শেখ হাসিনার সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্ক ও তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন অধ্যায় তুলে ধরেছেন সোনিয়া গান্ধী।

 

সোনিয়া লিখেছেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্য হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। সে সময় তিনি প্রায় ছয় বছর দিল্লিতে নির্বাসিত জীবন কাটান। পরে ১৯৮১ সালে দেশে ফিরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত হন এবং চারবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

 

শেখ হাসিনার রাজনৈতিক দৃঢ়তার প্রশংসা করে সোনিয়া বইয়ে উল্লেখ করেন, তিনি একজন প্রভাবশালী ও শক্তিশালী রাজনীতিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।

 

শেখ হাসিনার সঙ্গে তাঁদের শেষ সাক্ষাৎ হয়েছিল তাঁর ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক দিন আগে। বর্তমানে আবারও নির্বাসনে থাকা হাসিনা দেশে ফিরলে কারাবন্দি হওয়ার ঝুঁকি রয়েছে উল্লেখ করে সোনিয়া লেখেন, ‘সময় কখন, কার পক্ষে ঘুরে দাঁড়ায়, তা কে বলতে পারে?’

 

সোনিয়ার এই মন্তব্যকে শেখ হাসিনার সম্ভাব্য রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে। তবে বইটিতে শেখ হাসিনা দেশে ফিরে আবার প্রধানমন্ত্রী হবেন—এমন কোনো সরাসরি ঘোষণা বা নিশ্চয়তা দেওয়া হয়নি।

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 4:01 pm
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টার দিকে কাজে যোগ না দিয়ে হঠাৎ মহাসড়কে অবস্থান নেন শ্রমিকরা।

 

একপর্যায়ে তারা সড়ক অবরোধ করলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়।

 

বিক্ষোভরত শ্রমিকরা জানান, বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে তারা আন্দোলনে নেমেছেন। পাশাপাশি পুলিশের বিরুদ্ধে অন্যায়ভাবে লাঠিচার্জ ও নির্বিচারে গ্রেপ্তারের অভিযোগও তুলেছেন তারা। স্থানীয় নেতাকর্মী ও বহিরাগত সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন শ্রমিকরা।

 

এদিকে শ্রমিক বিক্ষোভের খবর ছড়িয়ে পড়লে মহাসড়কের আশপাশের বেশ কয়েকটি পোশাক কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এতে শিল্পাঞ্চলে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ও উদ্বেগ তৈরি হয়েছে।

 

অন্যদিকে মহাসড়ক অবরোধের কারণে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহন আটকে পড়েছে। চরম দুর্ভোগে পড়েছেন কর্মজীবী মানুষ ও সাধারণ যাত্রীরা।

 

শ্রমিকদের বিক্ষোভ চললেও সকাল থেকে ঘটনাস্থল ও আশপাশের মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

 

মহাসড়ক অবরোধের কারণে সৃষ্ট অচলাবস্থা কখন কাটবে, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন যাত্রীরা।