খুঁজুন
, ,

এবার নতুন সূর্য উঠবেই উঠবে ইনশাআল্লাহ : মির্জা ফখরুল

ডেস্ক নিউজ
প্রকাশিত: Friday, 14 July, 2023, 2:14 pm
এবার নতুন সূর্য উঠবেই উঠবে ইনশাআল্লাহ : মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এবার নতুন সূর্য উঠবেই উঠবে ইনশাআল্লাহ।শুক্রবার (১৪ জুলাই) বিকেলে নোয়াখালীতে পদযাত্রা-পূর্ব সমাবেশে তিনি একথা বলেন।চট্টগ্রাম বিভাগের ছয় জেলাসহ কুমিল্লা উত্তর ও দক্ষিণ মহানগরের নেতাকর্মীরা এ পদযাত্রায় অংশ নিয়েছেন।

‘দেশ বাঁচাতে মেহনতি মানুষের পদযাত্রা’- এ স্লোগান নিয়ে এ কর্মসূচির আয়োজন করেছে বিএনপির চার অঙ্গ ও সহযোগী সংগঠন- কৃষক দল, শ্রমিক দল, তাঁতি দল ও মৎস্যজীবী দল।

পদযাত্রায় আসা নেতাকর্মীদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, এ সরকার কি ভোটের সরকার? নেতাকর্মীরা উত্তরে বলেন, ‘না’। ভোট দিতে পেয়েছিলেন? তখনো তারা বলেন, ‘না’।এসময় তিনি স্লোগান ধরেন- ‘এক দফা এক দাবি, শেখ হাসিনার পদত্যাগ’।

বর্তমান সরকারের অত্যাচারের কথা স্মরণ করিয়ে তিনি বলেন, ‘কথা বললেও মামলা, না বললেও মামলা। সব নেতাকর্মীদের নামেই মামলা দিয়েছে এই সরকার। মারামারি করে তারা, আর মামলা দেয় আমাদের নামে।

এ সময় তিনি কুমিল্লার লাকসামে বিএনপি নেতাকর্মীদের গাড়ি ভাঙচুর ও হামলার ঘটনা তুলে বলেন, ‘এটা শুধু কুমিল্লা নয়, সারাদেশে এই আওয়ামী লীগের একই চরিত্র।

বর্তমান সরকারের গুম-খুনের কথা তুলে ধরে তিনি বলেন, ‘আর কতদিন সহ্য করবো এদের অত্যাচার। আর কি সহ্য করা যায়?’ তখন নেতাকর্মীরা বলেন, ‘না’।

তখন তিনি বলেন, ‘আমরা জনগণের সাথে নিয়ে এই সরকারের বিরুদ্ধে লড়বো। এই অবৈধ সরকারের হেডকোয়ার্টার্স দখল করবো।এই আওয়ামী লীগ সরকার এখন মসজিদের খুতবাও নিয়ন্ত্রণ করে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল।

২০০১ সালের এই নোয়াখালীতে বেগম খালেদা জিয়ার এক সমাবেশে স্লোগানের কথা তুলে ধরে মহাসচিব বলেন, “সেদিন এই নোয়াখালীর মানুষ বলেছিলেন, ‘ধর্ম মোদের আলাদা, নেত্রী মোদের খালেদা’। সেই গণতন্ত্রের নেত্রীকে আজ জেলে রেখেছে এই আওয়ামী লীগ সরকার।

২০১৪ ও ’১৮ সালে দেশে কোনো নির্বাচন হয়নি জানিয়ে তিনি বলেন, ’১৪ সালে কেউ ভোট দেয়নি। আর ১৮ সালে তো রাতে ভোট করেছে এই সরকার।‘আমরা ভোট আমি দিবো, যাকে খুশি তাকে দিবো, এই নির্বাচন আমরা চাই,
বলেন তিনি।

আওয়ামী লীগের একদফা শেখ হাসিনার অধীনে নির্বাচন- ওবায়দুল কাদের এমন বক্তব্যের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, কি আবদার! এরা আমাদের ভোটারদের ভোটকেন্দ্রে যাইতে দেয় না। দিতে গেলে বলে, ভোট হয়ে গেছে। এখন তারাই বলে, এবার নাকি সুষ্ঠু নির্বাচন করবে।’

বিএনপির বিদেশীদের দরকার নেই মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, ‘আমাদের সাথে দেশের জনগণ আছে। শেয়ালের কাছে বারবার কুমিরের বাচ্চা রাখা যাবে না। এবার এ দেশের মানুষ জেগে উঠেছে। কোনোভাবেই আওয়ামী লীগের অধীনে নির্বাচন হতে দেয়া হবে না।’

ঐক্যবদ্ধ হতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘আর কোনো সময় নাই। সরকারের আর কোনো সময় নাই। পরিষ্কারভাবে বলছি, সুবোধ বালকের মতো ক্ষমতা ছেড়ে দিয়ে পদত্যাগ করে, সংসদ বিলুপ্ত করে, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিন।’

‘শেষ কথা, ভালো ভালোই পদত্যাগ করুন, নইলে ফয়সালা হবে কোথায়?’ আগত নেতাকর্মীরা বলেন, ‘রাজপথে’। এবার তিনি বলেন, ‘নতুন সূর্য উঠবেই উঠবে ইনশাআল্লাহ।’

পদযাত্রা-পূর্ব সমাবেশে নোয়াখালীর গুম হওয়া বিএনপি নেতা নিজামউদ্দিন মুন্নার মা এবং ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রতীক ধানের শীষে ভোট দেয়ায় যে নারীকে গভীর রাতে ঘর থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়েছিল সেই নারী বক্তব্য রাখেন। ওই নারী বলেন, ‘আমি বেঁচে আছি এই সরকারের পতনের দেখার জন্য, আমি আমার ভোট দিয়ে মরতে চাই। এই সরকারের পদত্যাগ চাই।’

পদযাত্রা-পূর্ব সমাবেশে সভাপতিত্ব করেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি হাসান জারিফ তুহিন। মঞ্চে উপস্থিত ছিলেন বিএনপি ভাইস চেয়ারম্যান মো: শাজাহান, ডা: এ জেড এম জাহিদ হোসেন, বরকত উল্লাহ বুলু, চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, অ্যাডভোকেট জয়নুল আবদীন ফারুক, যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন, চট্টগ্রাম বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহাবুবে রহমান শামীম,চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদারসহ চট্টগ্রাম বিভাগের ছয় জেলা এবং কুমিল্লা উত্তর এবং দক্ষিণ মহানগরের নেতৃবৃন্দ।

হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 8:44 pm
হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় হাতকড়া পরতে অস্বীকৃতি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। এ সময় পুলিশের সঙ্গে তার কিছুক্ষণ কথা-কাটাকাটি হয়। পরে হাতকড়া ছাড়াই তাকে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

 

প্রিজনভ্যান থেকে নামানোর আগে দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ সদস্য তার হাতে হাতকড়া পরাতে গেলে আপত্তি জানান জিয়াউল আহসান। এ সময় তিনি বলেন, ‘আমি এসব পরব না। কোন আইনে আছে?’

 

পরে কয়েক মিনিটের আলোচনা শেষে হাতকড়া ছাড়াই তাকে প্রিজনভ্যান থেকে নামানো হয়। দুপুর ১টা ৫৮ মিনিটে তাকে ট্রাইব্যুনাল-২-এর এজলাসে তোলা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘জয় আমাদের হবেই। কেউ ঠেকাতে পারবে না।’

 

এদিন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল।

 

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, মামলায় ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হত্যাকাণ্ড এবং পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

 

তবে এসব অভিযোগের বিচার এখনো চলমান। মামলার অভিযোগ ও আসামিদের দায় আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 7:35 pm
সোনিয়ার বইয়ে ইঙ্গিত, ফিরতে পারেন হাসিনা; আবারও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা!

ভারতে নির্বাসনে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনীমূলক বই Belonging: A Journey of Love প্রকাশের পর।

 

বইটিতে শেখ হাসিনার সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্ক ও তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন অধ্যায় তুলে ধরেছেন সোনিয়া গান্ধী।

 

সোনিয়া লিখেছেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্য হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। সে সময় তিনি প্রায় ছয় বছর দিল্লিতে নির্বাসিত জীবন কাটান। পরে ১৯৮১ সালে দেশে ফিরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত হন এবং চারবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

 

শেখ হাসিনার রাজনৈতিক দৃঢ়তার প্রশংসা করে সোনিয়া বইয়ে উল্লেখ করেন, তিনি একজন প্রভাবশালী ও শক্তিশালী রাজনীতিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।

 

শেখ হাসিনার সঙ্গে তাঁদের শেষ সাক্ষাৎ হয়েছিল তাঁর ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক দিন আগে। বর্তমানে আবারও নির্বাসনে থাকা হাসিনা দেশে ফিরলে কারাবন্দি হওয়ার ঝুঁকি রয়েছে উল্লেখ করে সোনিয়া লেখেন, ‘সময় কখন, কার পক্ষে ঘুরে দাঁড়ায়, তা কে বলতে পারে?’

 

সোনিয়ার এই মন্তব্যকে শেখ হাসিনার সম্ভাব্য রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে। তবে বইটিতে শেখ হাসিনা দেশে ফিরে আবার প্রধানমন্ত্রী হবেন—এমন কোনো সরাসরি ঘোষণা বা নিশ্চয়তা দেওয়া হয়নি।

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: Thursday, 12 November, 2026, 4:01 pm
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুরের মৌচাক

গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টার দিকে কাজে যোগ না দিয়ে হঠাৎ মহাসড়কে অবস্থান নেন শ্রমিকরা।

 

একপর্যায়ে তারা সড়ক অবরোধ করলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়।

 

বিক্ষোভরত শ্রমিকরা জানান, বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে তারা আন্দোলনে নেমেছেন। পাশাপাশি পুলিশের বিরুদ্ধে অন্যায়ভাবে লাঠিচার্জ ও নির্বিচারে গ্রেপ্তারের অভিযোগও তুলেছেন তারা। স্থানীয় নেতাকর্মী ও বহিরাগত সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন শ্রমিকরা।

 

এদিকে শ্রমিক বিক্ষোভের খবর ছড়িয়ে পড়লে মহাসড়কের আশপাশের বেশ কয়েকটি পোশাক কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এতে শিল্পাঞ্চলে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ও উদ্বেগ তৈরি হয়েছে।

 

অন্যদিকে মহাসড়ক অবরোধের কারণে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহন আটকে পড়েছে। চরম দুর্ভোগে পড়েছেন কর্মজীবী মানুষ ও সাধারণ যাত্রীরা।

 

শ্রমিকদের বিক্ষোভ চললেও সকাল থেকে ঘটনাস্থল ও আশপাশের মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

 

মহাসড়ক অবরোধের কারণে সৃষ্ট অচলাবস্থা কখন কাটবে, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন যাত্রীরা।